“ সত্য- মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আটোয়ারীর সহযোগিতায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। কর্মসুচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম। উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোঃ সুজন কলি’র সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভা: প্রা:) মোঃ নসিবুল ইসলাম, ইউআরডিও মুসফিকুর রহমান প্রমুখ। পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ আমার চোখে ডিজিটাল বাংলাদেশ’ এর উপর চিত্রাংকন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ ডিজিটাল বাংলাদেশ’ প্রতিপাদ্যের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস অনুষ্ঠানে উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ পরবর্তী ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।









