ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে,গুইমারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম।
আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউচুপ।
বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশ স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থা থেকে মুক্তি পায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তিনি কারামুক্ত হয়ে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই আন্দোলনের মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্রের নবজাগরণ ঘটে, যা আজকের সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার নিশ্চিত করেছে।
তারা বলেন, আজ যখন দেশ আবারও গণতন্ত্রহীনতার অন্ধকারে নিমজ্জিত, তখন শহীদ জিয়ার আদর্শই পারে জাতিকে মুক্তির পথ দেখাতে। বক্তারা, গুইমারার বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়ার হাতে গড়া দলের মনোনীত প্রার্থী, পাহাড়ের কিংবদন্তি নেতা ও জননেতা ওয়াদুদ ভূঁইয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত কর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ, দেশপ্রেমের উদ্দীপনা ও শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন।
Please follow and like us:










