কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার উন্নয়নে দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে পৌরসভা মিলনায়তনে স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: নুরুল আমীন।
চৌদ্দগ্রাম পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর উদ্যোগে দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং সিআরপি প্রিপারেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম পৌর প্রশাসক মো: নুরুল আমীনের সভাপতিত্বে ও নগর পরিকল্পনাবিদ মো: আব্দুর রকিব খান এর উপস্থাপনায় কর্মশালায় উপস্থিত ছিলেন আরইউটিডিপি কুমিল্লার এসএমই মো: আব্দুল কুদ্দুস, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, আর্কিটেক্ট ফারহানা ইসলাম, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, পরিবেশ বিশেষজ্ঞ মো: আল আমিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো: জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, চৌদ্দগ্রাম পৌরসভার সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম।
কর্মশালায় পৌরসভার টিএলসিসি’র সদস্যবৃন্দ চৌদ্দগ্রাম পৌরসভাকে আধুনিক সবুজ ও পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে গ্রুপ ভিত্তিক নকশাসহ বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল আমীন বলেন, এ প্রকল্পের মাধ্যমে উপস্থিত নাগরিকগণের সুচিন্তিত মতামতগুলোকে কাজে লাগিয়ে বসবাসযোগ্য একটি আধুনিক, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে উঠবে এবং নাগরিক সেবার উন্নয়ন ঘটবে।
উল্লেখ্য, আরইউটিডিপি বাংলাদেশের নিজস্ব বিনিয়োগ প্রকল্প, বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এলজিইডির অধীনে জুলাই ২০২৪ সাল থেকে জুন ২০৩০ সাল পর্যন্ত ৬ বছর মেয়াদে এ প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে এবং এর ফলে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে বসবাসরত ১ কোটি ৭০ লক্ষ জনগণ এবং প্রকল্পের ইন্টারভেনশন হতে গ্রোথ করিডোরে বসবাসরত নগর, গ্রামীণ ৪৬ লক্ষ জনগণ উপকৃত হবে। এছাড়া প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ডাম্পিং ষ্টেশন, বহুমুখী মার্কেট, সুপার মার্কেট, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ব্রীজ ও কালভাট নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সাবাজিক ও পরিবেশগত, জলবায়ু সহনশীল নগর পরিসেবা দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।
Please follow and like us:









