আগামী ১২ অক্টোবর দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী।
তিনি জানান, চৌদ্দগ্রাম উপজেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৪৮,৯৫১ জন। মোট ৩৩৭ টি টিকাদান কেন্দ্রে ৩৩৭জন স্বেচ্ছাসেবকসহ সর্বমোট ৫৫৩ জন দক্ষ জনশক্তি টিকাদান সম্পন্ন করবে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ সৈয়দ আল মনসুরের পরিচালনায় ও মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) মোঃ রিয়াজুল ইসলামের সার্বিক সহযোগীতায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল হুদা তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহম্মদ, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ, ইফা’র ফিল্ড অফিসার মো: রুহুল আমিন, মাওলানা শাহ আলম ও মাষ্টার সুলতান আহম্মদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১ আগস্ট শুরু হয় টিকাদান কর্মসূচির রেজিষ্ট্রেশন প্রক্রিয়া। ওই সময়ে ১ সেপ্টেম্বর টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রস্তুতির ঘাটতি থাকায় সেটি পিছিয়ে ১২ অক্টোবর পর্যন্ত পেছানো হয়।










