আসন্ন ইউপি নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ীতে তৃতীয়ধাপে তফশীল বঞ্চিত কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়ন দু’টির নির্বাচনের দাবীতে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবার) রাত ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার বঞ্চিত ওই দুই ইউনিয়নের দলীয় ও স্বতন্ত্র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সমন্বয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে কিশোরগাড়ী ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাহাবুব প্রধান লিখিত বক্তব্যে বলেন, ৯টি ইউনিয়ন নিয়ে পলাশবাড়ী উপজেলা গঠিত। ইতোপূর্বে পৌরসভা বাস্তবায়নে সীমানা জটিলতার কিশোরগাড়ী, পলাশবাড়ী ও বরিশাল ইউপি’র নির্বাচন স্থগিত করা হয়। বিগত ২০০৩ সালে পলাশবাড়ীর ৯টি ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সীমানা জটিলতাসহ নানা কারণে উপরোক্ত তিনটি ইউনিয়ন দীর্ঘ ১৮ বছর নির্বাচন বঞ্চিত হয়ে পড়ে। একপর্যায়ে পলাশবাড়ী ইউনিয়নের ১৯ গ্রাম, কিশোরগাড়ীর ৪ গ্রাম এবং বরিশাল ইউনিয়নের ১টিসহ ২৪টি গ্রাম নিয়ে ২০২১ সালে পলাশবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভা নির্বাচন পরবর্তী ভৌগলিক দিক থেকে সীমানা জটিলতা আপাততঃ নিরসন হয়। এতে কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়ন নির্বাচনে আর কোন বাধা থাকার কথা নয়। চলমান ইউপি নির্বাচন তফশীল ঘোষণার ধারাবাহিকতার তৃতীয়ধাপে উপজেলার ৮ ইউনিয়ন তফশীল ঘোষণার অপেক্ষায় অপেক্ষমান থাকলেও অজ্ঞাত কারণে আবারো দু’টি ইউনিয়ন বঞ্চিত করে ৬টি ইউপি’র তফশীল ঘোষণা করা হয়। সর্বোপরি ঘোষিত নির্বাচন তফশীল থেকে কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়নের নাম বাদপড়ার খবর ছড়িয়ে পড়লে প্রার্থী-ভোটারসহ এলাকার সর্বস্তরের সচেতন জনমনে বিষয়টি চরম অসন্তোষের সৃষ্টি করেছে। সম্ভাব্য প্রার্থীরা দীর্ঘ ১৯ বছর ধরে বঞ্চিত ইউনিয়ন দু’টির নির্বাচন অনুষ্ঠানের দাবীতে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের যথাযথ হস্তক্ষেপ দাবী করেছেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে কিশোরগাড়ী ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন লিটন, এনামুল হক, সাজু প্রামানিক এবং বরিশাল ইউপি’র জাপা’র সম্ভাব্য প্রার্থী এম.এ হালিম সরকার ও আবুল হোসেন ছাড়াও এ দুই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।









