বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতির জন্য বিনা পরীক্ষাতেই গতবছর এইচএসসি পরীক্ষার্থীদের পাশ করানো হলেও বছরের শেষ প্রান্তে এসে আজ ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ২০৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন। ৮ জেলার ৬৭০টি কলেজ থেকে অংশ নিচ্ছে এসব পরীক্ষার্থী। আজ সকাল ১০টা থেকেই স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে এই পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহনে সবরকম ব্যবস্থা নিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড।
সকালে দিনাজপুরের সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গনমাধ্যমকর্মীদের জানান, করোনার কারনে সংক্ষিপ্ত বিষয়ে এবং সময় কমিয়ে পরীক্ষা গ্রহন করা হচ্ছে। এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ এবং করোনায় শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে নিতে আগামী বছরের এপ্রিলের দিকে পুরো বিষয়ে পরীক্ষা গ্রহনের আশা করছেন তারা। পাশাপাশি নতুন শিক্ষানীতি বাস্তবায়নের পথে চেষ্টা চালাচ্ছেন তারা।
এদিকে অপেক্ষার এই পরীক্ষায় অংশ নিতে পেরে খুশী পরীক্ষার্থীরা। অনেকে জানান, পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় ঠিকমত প্রস্তুতি নিতে পারেন নি তারা।









