উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারনা শেষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার এইপ্রথম নির্বাচন (বৃহস্পতিবার) ১০ ডিসেম্বর। অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
শতভাগ ইভিএম মাধ্যমে ভোটগ্রহণের লক্ষ্যে ইভিএম মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ও উপকরণ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নির্দিষ্ট ভোটকেন্দ্র সমূহে পৌঁছছে বলে জানা যায়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দলীয় মনোনীত এবং স্বতন্ত্রসহ ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৩টি ওয়ার্ডে ২২ জন এবং সাধারণ কাউন্সিলরের ৯ ওয়ার্ডে ৮৪ জনসহ মোট ১১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আবু বকর প্রধান (নৌকা), বিএনপি’র প্রার্থী আবুল কালাম আজাদ (ধানের শীষ), জাতীয়পার্টির মজিবুর রহমান (লাঙ্গল), গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (স্বতন্ত্র), হাবিবুর রহমান ইসলাম (স্বতন্ত্র) ও আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র)।
অবাধ-নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা রিটার্নিং অফিস প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং, সহ-প্রিজাইডিং, পোলিং অফিসার ছাড়াও সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে বিজিবি, র্যাব, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, আনসার ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সার্বিক নিয়ন্ত্রণে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট অন্যান্য জনবল নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের তাৎক্ষনিক আইনগত সহায়তা প্রদান ও ম্যাজিষ্ট্রেরিয়াল দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সমূহে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স নিয়োজিত করার মাধ্যমে নির্বাচনে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
ভোটকেন্দ্র সমূহে ভোটগ্রহণের নিমিত্তে সহকারী রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট স্ব-স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্তদের নিকট ইভিএম মেশিনসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জমাদি হন্তান্তর করা হয়েছে।
সহকারি রিটার্নিং অফিসারে কার্যালয় সূত্র জানায়, পলাশবাড়ী পৌরসভায় মোট ১৬টি ভোটকেন্দ্রের ৯৪ টি পৃথক বুথের বিপরীতে ১৬ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৯৪ জন ও ১’শ ৮৮জন পোলিং অফিসার দায়িত্বপালন করবেন।
এদিকে, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, পৌরসভা নির্বাচনে ৩০১ জন পুলিশ সদস্য, ১ প্লাটুন বিজিবি (২০ জন), র্যাব-এর ৪ টি পৃথক টীমে ৮জন করে ৩২ জন এবং ২৪৬ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।প্রতিটি ভোটকেন্দ্রে ৬ পুলিশ এবং ১৪জন আনসার ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োজিত অন্যান্য সদস্যরা সার্বক্ষনিক দায়িত্বপালন করবেন বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন মুঠোফোনে জানান, কঠোর নজরদারী ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনায় ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্বপালন করবেন।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, ৩০১ জন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠান তথা ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বক্ষণিক নিরলস দায়িত্বপালন করবেন।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম জানান, সুষ্ঠু পরিচালনায় উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ভোটগ্রহণ তথা ফলাফল ঘোষণার মধ্যদিয়ে নির্বাচনের সামগ্রিক পদক্ষেপ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য; এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬’শ ২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৩’শ ৩৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ২’শ ৬৮ জন।









