বাগেরহাটে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর ক্যান্সার ক্লিনিক ও প্রাথমিক মূল্যায়ন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় রামপাল উপজেলার ঝনঝনিয়ায় দাউদখালী নদীর তীরে অবস্থিত আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গবেষক, রিসার্চ ফেলো ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বিভিন্ন গবেষণালব্ধ তথ্য ও প্রেজেন্টেশনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে জরায়ুমুখ ক্যান্সার (সার্ভাইক্যাল ক্যান্সার), ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার (ব্রেস্ট ক্যান্সার) এবং শিশুদের বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি, লক্ষণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।
বিস্তীর্ণ জায়গাজুড়ে দাউতখালী নদীর তীরে অত্যন্ত নান্দনিক ও মনোরম পরিবেশে গড়ে ওঠা এই ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত রোগনির্ণয় ব্যবস্থা এবং ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসাসুবিধাসহ একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠিত হলে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য ক্যান্সার চিকিৎসায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বিশেষ করে রামপাল, মোংলা, বাগেরহাট, খুলনা, পার্শ্ববর্তী অঞ্চল, গোপালগঞ্জসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসংখ্য মানুষ এই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে জটিল ও ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজনীয়তাও অনেকাংশে কমে আসবে।
ক্যান্সার চিকিৎসা যেন কেবল বড় শহর বা সামর্থ্যবান মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়—এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠাতা, গবেষক, চিকিৎসক, কর্মকর্তা ও সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক অভিনন্দন জানান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।









