নয়া আলো ডেস্কঃ- রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ সোমবার বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন কলেজটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই ঘটনায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ১০টার দিকে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন। তাঁদের সঙ্গে আশপাশের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। কুড়িল থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা সরে গেলে যান চলাচল শুরু হয়।
রাজধানীর ব্যস্ততম দুটি সড়কে শিক্ষার্থীদের অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এই দুই সড়কের যানজট অন্যত্রও ছড়িয়ে পড়ে।
রোববার দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন।
নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)।
বাসচাপায় প্রাণহানির ঘটনায় গতকাল রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করছেন নিহত শিক্ষার্থী দিয়া খানমের (মিম) বাবা জাহাঙ্গীর আলম।









