সমতলে বসবাসের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এছাড়াও ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ মন্ত্রী এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিতরণ শেষে গত ২৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জব ফেয়ারে নির্বাচিত চাকরী প্রার্থীদের মাঝে স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড কর্তৃপক্ষের নিয়োগপত্র প্রদান করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, “শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতে মনোনিবেশ করতে হবে। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়া ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সময় নষ্ট করতে না পারে সেজন্য অভিভাবকদের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি’র সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু সহ আরো অনেকে।
এ সময় বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি’র বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুধিবৃন্দ ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।
Please follow and like us:









