চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস শিক্ষাখাতে অসামান্য অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসন তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলাবাসী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে অনুভূতি প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আমার এ পাওনা আমার একার নয়, পুরো মতলব উত্তর উপজেলাবাসীর। তেমনি আমার দলীয় নেতৃবৃন্দেরও অনেক সহযোগীতা রয়েছে। আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলে আমাকে সুযোগ করে দিয়েছেন বলেই আমি কাজ করতে পারছি।
এমএ কুদ্দুস আরও বলেন, বর্তমান সরকারের যে ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়া। সরকারের এই ভিশন বাস্তবায়নে আধুনিক শিক্ষার বিকল্প নেই। সে লক্ষ্যে আওয়ামীলীগ সরকার ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি অত্যান্ত বিচক্ষণ একজন নেত্রী। তিনি শিক্ষার উন্নয়নে ব্যাপক আকারে কাজ শুরু করেছেন। তাই আমাদের সকলকেই সকলের জায়গা থেকে কাজ করতে হবে। তিনি নিজেকে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করায় চাঁদপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।









