দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ দেশ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের সব শ্রেণি- পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে শোক। স্মরণ করা হচ্ছে আপসহীন এই নেত্রীকে। স্মৃতিচারণ, তার সংগ্রামী জীবনের নানা বিষয় আসছে আলোচনায়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। বেগম জিয়ার মৃত্যুতে স্থগিত হয়ে যায় অনেক কর্মসূচি। বেগম জিয়ার মৃত্যুর খবরে শোকাহত বিএনপি’র সারা দেশের নেতাকর্মীরা। অনেকে গতকালই ভিড় করেন এভারকেয়ার হাসপাতালের সামনে। গুলশানের কার্যালয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও ভিড় করেন অনেকে। সারা দেশের দলীয় কার্যালয়েও নেতাকর্মীরা দোয়া, মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বেগম জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের প্রশংসা করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেন পরিণত হয় শোকের ক্যানভাসে। দল-মত নির্বিশেষে সবাই ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া-পরম শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য নাম। কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে এই মহীয়সী নারীর আত্মার মাগফেরাত কামনা করছি।’
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ তার ফেসবুক পোস্টে বলেন, ‘বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ খালেদা জিয়া, আজ সকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আত্মার শান্তি কামনা করি।’
গতকাল সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেন হাজার হাজার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জনস্রোত বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, রাজনীতি করতে গিয়ে নিজের এক ছেলেকে হারিয়েছেন, আরেক ছেলেকে ১৭ বছর দেখতে পারেননি। রাজনীতির কারণে হারিয়েছেন স্বামীকে। এত এত কঠিন সময় পার করেছেন তবুও নিজের দেশ ছাড়েননি তিনি। চিরবিদায় হে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, জানার আছে। বাংলাদেশের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আজীবন।’ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লেখেন, তার প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনী এবং তার শ্বশুরবাড়ি বগুড়ায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ ছাড়া সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।









