আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদুল ইসলামের সমর্থনে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে শহরের মুক্তির সোপান এলাকায় সদর ও কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে। তারা দলীয় প্রার্থী মো. জাহিদুল ইসলামকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে মুক্তির সোপান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এসএস রোড, মুজিব সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং ব্যানার ফেস্টুন বহন করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।









