সারাদেশের মত পঞ্চগড়ের আটোয়ারীতেও “ উন্নত পল্লী সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রথমবারের মত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে সোমবার ( ৬ জুলাই) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বী মোঃ সাজ্জাদুর রহমান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও আহবায়ক মোঃ পশিম উদ্দীন। উপকারভোগীদের মধ্যে নিজের অনুভুতি ব্যক্ত করেন, রাণীগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, বোদাপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি বেলাল হোসেন, ফকিরগঞ্জ বাজারের ব্যবসায়ী হিরু রঞ্জন ঘোষ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, “ গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করা এবং প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।” বক্তারা তাদের বক্তব্যে গ্রামীণ জনপদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি যুব উন্নয়ন এবং সমবায় ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী, বীর মুক্তিযোদ্ধা, সুধিজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সুফল ভোগীদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের চারা বিতরণ করেন।









