তরুণ প্রজম্মের মাঝে সততা ও নৈতিকতার মূল্যবোধ ছড়িয়ে দিতে পঞ্চগড়ের আটোয়ারীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল : “ স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে ”। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়,ঠাকুরগাঁওয়ের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,আটোয়ারী’র বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার (১৬ জুন) প্রথম রাউন্ড ও বৃহস্পতিবার ( ১৮ জুন) সেমি ফাইনাল ও ফাইনাল রাউন্ড দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। উপজেলার বাঁছাইকৃত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যুক্তি-তর্কের তুমুল লড়াই শেষে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মির্জাপুর উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় বারো আউলিয়া মাজার শরীফ উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা জুবাইয়া আক্তার জুঁই। বিতর্ক প্রতিযোগিতা দক্ষতার সাথে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা। বিচারকের দায়িত্ব পালন করেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম ও আইসিটি কর্মকর্তা এ.এম আরিফুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে দুপ্রক, আটোয়ারী উপজেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর উপ সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, দুপ্রক, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলার সদস্য সচিব মোঃ ইউসুফ আলী, বোদা উপজেলা দুপ্রক সদস্য মোঃ হারুন অর রশিদ, সততা স্টোরের সফলতা নিয়ে বক্তব্য রাখেন বারো আউলিয়া মাজার শরীফ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জেরিন আক্তার। বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কে নিজের অনুভুতি ব্যক্ত করেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কেশব নারায়ন বর্মন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, কেবল আইনের কঠোর প্রয়োগ দিয়ে দুর্নীতি উপড়ে ফেলা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতা। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মাঝে এই সচেতনতা তৈরী করতে বিতর্ক প্রতিযোগিতা দারুণ ভুমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি সামাজিক ব্যাধি। এটি চাইলেই একসঙ্গে দুর করা সম্ভব নয়। দুর্নীতি রোধে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যেকের মধ্যে সচেতনতা তৈরী করতে হবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে জীবনে ধারণ করলে দুনীতি রোধ করা সহজ। এর মাধ্যমে একদিন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ তৈরী সম্ভব হবে। বিশেষ অতিথি বলেন,শিক্ষার্থীদের মাঝে সততা,নৈতিকতা ও সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলোচনা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ সহ শ্রেষ্ঠ বিতাকিকদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








