, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মুক্তমত
  • ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা- হারুনুর রশিদ আরজু




ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা- হারুনুর রশিদ আরজু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০১৯, ২৩:৪৪ | 1123 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সম্ভবত বাংলাদেশকে চিনিয়ে দিতে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর রাসূল (সঃ) বলেছেন, “এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না কেনো সে হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না কেনো সে নিহত হলো।” আল্লাহর রাসূলের ঘোষিত সেই সময় এবং পরিবেশ আজ বাংলাদেশে বিরাজ করছে। কে কখন কোথায় কেনো নিহত হচ্ছে তা কেউ জানে না। একজনের কারণ খুঁজতে খুঁজতে আরোও দশজন খুন হয়ে যাচ্ছে। সম্প্রতি হত্যা করা হয়েছে বুয়েটে মেধাবী ছাত্র আবরারকে। যা সারা দেশের মানুষকে শোকে বোবা করে দিয়েছে। তার অপরাধ? সে পেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। যার শাস্তি মৃত্যুদন্ড! তার তথাকথিত শিক্ষিত সহপাঠিরা তাকে ধরে নিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে! যে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মন মানসিকতা এতো জংলী সেদেশের বাকী জনগোষ্ঠীর পরিচয় দেওয়ার কিছু থাকে না।
এদেশে হাতে ধর্মীয় বই থাকলে সেটা ‘জিহাদী বই’ হয়ে যায় কিন্তু হাতে সিগারেট থাকলে কোনো অপরাধ হয় না। এদেশে সিএসজিতে চড়তে হলে বাঘের খাঁচার মত বন্ধি থাকতে হয়। খাবার পানিতে দুর্গন্ধ পোকা ময়লা ফ্রি পাওয়া যায়। ফল খেতে গেলে ফরমালিন, মাছ কিনতে গেলেও ফরমালিন পাওয়া যায়। হোটেলে মরা মুরগীর মাংস খাওয়ানো হয়। ভেড়াকে ছাগল খাসী বলে মহিশকে গরুর মাংস বলে বিক্রি করা হয়। গরুর দুধে মেশানো হয় ক্ষতিকারক কেমিক্যাল। এককথায় সব খাবারে বিষ। কিছুই নিরাপদ নয়। সবই হয় প্রশাসনের নাকের ডগায়। এদেশটা অপরাধীদের জন্য একটা স্বর্গরাজ্য। ভালো পরিবেশ থাকায় এদেশে অপরধীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।
আমরা আজ মুখে গণতন্ত্রের কথা বলছি কিন্তু কিছুতেই ভিন্নমত সহ্য করছি না। রাজনৈতিক স্বার্থকে পূজা করতে গিয়ে ভিন্নমতের কাউকে বাঁচতে দিতেও রাজি না। সামান্য একটা পেসবুকে স্ট্যাটাস দেওয়া মানতে পারছি না। ভিন্নমতের পোস্ট দাতাকে ধরে নিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করতে একটুও হাত কাঁপছে না। আমরা সবাই পশুদের মতো চরিত্রের হয়ে গেছি। শুনেছি শিক্ষা মানুষকে পশু চরিত্র থেকে বের করে মনুষ্যত্ববোধ তৈরী করে বিবেকবান হিসেবে গড়ে তোলে। এখন দেখছি যে যত বেশী শিক্ষিত সে ততবেশী মনুষ্যত্বহীন হিসেবে গড়ে উঠছে। রাজনীতিতে ভিন্নমত থাকবে। যারা উচ্চ শিক্ষিত তারা এই ভিন্ন মতকে শ্রদ্ধা করবে। কিন্তু যারা স্বল্প শিক্ষিত বা মূর্খ কেবলমাত্র তারা কোনও কিছু ধার ধারে না। মূর্খদের একমাত্র অস্ত্র ‘ধরে আন মেরে ফেল’। ঠিক আছে, যে ভিন্ন মতের রাজনীতি করে তাকে যা খুশি কর, কিন্তু যে কোনও রাজনীতির ধারে কাছে নেই তার কী অপরাধ? তাকে কেনো পেসবুকে দেশের প্রতি ভালবাসার কথা লেখার অপরাধে হত্যা করা হলো? সেতো স্বাধীন দেশে স্বাধীনভাবে তার মতামত তুলে ধরার অধিকার রয়েছে। নিজের মত প্রকাশতো কোনও অপরাধ নয়!
আজ আমরা খুব উন্নতির গান গাইছি। উন্নয়নের বাইরে অন্য কোনো গান গাওয়া নিষিদ্ধ। অর্থাৎ আজ আমাদের মত প্রকাশের স্বাধীনতা নেই । আমাদের হয়েছে কি; সব অন্ধ বিশ্বাস অন্ধ ভক্তি দল কানা। যেহেতু আমার দল এই মতাদর্শের তাই অন্য সব সত্য বুঝতেই রাজি না। আমরা সত্যকে সুন্দরকে যুক্তিকে মানতেই চাই না। সবার উপরে আমার দল পূজা ব্যক্তি পূজা করতেই হবে। আসলে আজ আমরা সব কিছুর অন্ধ পূজারী হয়ে গেছি। কেবলমাত্র ধর্মকে বিনা তর্কে বিশ্বাস করতে হয়।
একজন আবরারকে তার বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে বড় করতে কতকিছু ত্যাগ স্বীকার করেছে তা কি গুণে শেষ করা যাবে? আবরার হত্যাকারী এমন বর্বর প্রাণীদের আমরা কীভাবে রাজনীতিতে জায়গা দিই? কেনো ওদের মানুষ বলি? আজ যারা এই বর্বরদের কার্যকলাপে খুশি হচ্ছেন পুলক অনুভব করছেন, তারা কেবল নজরুলের কবিতার এই লাইনটি মনে রাখতে অনুরোধ করবো- “যুগের ধর্ম এই পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই”। কবি বুঝিয়েছেন-একদিন এই অন্যায়কারীরা এবং তাদের সমর্থকরাও পীড়ন থেকে রেহাই পাবে না। আমাদের রাজনৈতিক বিশ্বাসবোধ আজ ধর্ম বিশ্বাসের চাইতেও অন্ধকারে নিমজ্জিত। যার ফলে আমরা রাজনৈতিক স্বার্থকে সবার উপরে স্থান দিই। রাজনৈতিক স্বার্থকে রক্ষা করতে যেকোনো ধরনের কাজ করতে একটু চিন্তাও করি না। আমার দলের বিরুদ্ধে কোনও কথা মানতে রাজি না। আমরা নিজেদের বিবেক বিবেচনা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের কাছে বন্ধক রেখে দিয়েছি। আমরা আজ দলের কথার বাইরে অন্য কোনও সত্য শুনতে চাই না মানতে চাই না। রবীন্দ্রনাথ বলেছেন – ‘সত্য বড়ই কঠিন, কঠিনরে ভালোবাসিলাম’।
মায়ের পেটের বাচ্চাও জানে আজকের বাংলাদেশে কারা খুনাখুনি করে, ধর্ষণ করে। কারা অপরাধ করে আর থানায় কাদের বিরুদ্ধে মামলা হয়। কারা ফাঁসির রায় হলেও জীবন ভিক্ষা পায়। কারা প্রশাসনের কর্মকর্তাকে মারতে পারে অন্য পাবলিকতো মামুলি ব্যাপার। আজ ধিক্কার জানাই তাদের (রাজনৈতিক নেতাদের) যারা এই দেশটার এমন বারোটা বাজিয়ে দিয়েছেন। যেদেশে একজন নাগরিক পেসবুকেও স্বাধীন মত প্রকাশ করতে পারছে না। আমার কাছে শক্তিশালী যুক্তি থাকলে তা প্রমাণসহ তুলে ধরবো। হোক সে আমার বিরুদ্ধ মতের। মানুষের চিরায়ত সব পুরোনো বিশ্বাস আজ হারিয়ে যাচ্ছে । তাই বেশি করে সব মতকে জানা শ্রদ্ধা করা বলতে দেয়া এটাই শিক্ষা এবং গণতেন্ত্রর দাবী। যে যেই মতে থাকতে চায় থাকুক না, তাকে সাহায্য করি, গালি দিবো কেনো, তাকে মারবো কেনো? সত্য জানা এবং মানা তার অধিকার। যেমন বলা হয় ‘সৌন্দর্য আমাদের অধিকার’। স্বাধীন মত প্রকাশ করা আমাদের অধিকার। তা না হয়ে বরং আজ চিন্তাধারা হয়ে গেছে ‘অপরাধ করা আমাদের অধিকার’।
তাইতো এদেশের অপরাধীদের মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাল টাকা তৈরির বিশে^র শ্রেষ্ঠ কারিগর বাংলাদেশে বাস করে। ২০১২ সালের একটা ঘটনা মনে পড়ে। বাংলাদেশে জাল টাকা তৈরির জনক হলেন দুরুজ্জামান ওরফে মাস্টার ওরফে জামান বিশ্বাস। এমন একজন গুণী(?)ব্যক্তির চেহারা দর্শনের জন্য বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে সুদূর জার্মান থেকে তিন দিনের সফরে জার্মানির সেন্ট্রাল ব্যাংকের টেকনিক্যাল কর্মকর্তা (ইউরোসিস্টেম এ্যাডভাইজার) জেনস ফারম্যান ঢাকায় আসেন । এই জার্মান বিশেষজ্ঞ জাল টাকা তৈরির জনক জামান বিশ্বাসের অভিজ্ঞতা এবং মেধাকে কাজে লাগাতে চান বলে এই গুণীর মূল্যবান কথা শুনার জন্য ব্যকুল হন। জেনস ফারম্যান দুরুজ্জামানের কথা শুনে এবং জাল টাকার নিখুঁত মান দেখে বিস্মিত হন। এমন হাজারও জামান বিশ্বাস বাংলাদেশে জন্ম নিয়েছে। এমন সব আন্তর্জাতিক মানের চোর গুন্ডা সন্ত্রাসীর দেশ বাংলাদেশ। গর্বে আমাদের বুক ভরে যায়! আনন্দে অশ্রু ঝরে যায়। মনের সুখে গেয়ে উঠি কবি গুরুর গান-“ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা….” আমরা কি আজ সেই দেশ নামক জঙ্গলে বাস করছি?

লেখকঃ

হারুনুর রশিদ আরজু

কলামিস্ট ও আবৃত্তিকার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET