, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মুক্তমত
  • ঘুষ খাইতে লজ্জা শরম ত্যাগ করতে হয়-হারুনুর রশিদ আরজু




ঘুষ খাইতে লজ্জা শরম ত্যাগ করতে হয়-হারুনুর রশিদ আরজু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০১৯, ০০:১২ | 1201 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সাম্প্রতিক একটা খবর পড়লাম- ঘুষ না দেয়ায় গৃহবধুকে গণধর্ষণ। জানা যায়, “গত ২রা সেপ্টেম্বর শার্শা উপজেলার লক্ষ্মণপুর এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গভীর রাতে যান এসআই খায়রুল, সোর্স কামরুলসহ চারজন। তারা ওই গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেয়ায় এসআই খায়রুল ও কামরুল গৃহবধূকে ধর্ষণ করেন। ৩রা সেপ্টেম্বর ভিকটিম শার্শা থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনের নামে মামলা করেন। মামলাটি পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় যশোর পিবিআই।”
বর্তমানে আমাদের দেশে ঘুষ লেনদেন যে কী ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে উপরের এই খবরটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এর বেশি আর উদাহরণ দেয়ার দরকার নেই।
ঘুষ নেওয়া অপরাধ বলে আমরা জানি। কিন্তু উল্টো ঘুষ কেনো দিলো না তারজন্য এই জঘন্য অপরাধটা করলো। হায় কপাল! সমাজের চিন্তা চেতনা কেমন উল্টো ।

‘যে কাজ করা ব্যক্তির দায়িত্ব, তা সম্পাদনের জন্য বিনিময় গ্রহণ করা অথবা যে কাজ করা তার জন্য ওয়াজিব- তা সম্পাদনের জন্যে বিনিময় গ্রহণ করাকে ঘুষ বলে।’ ঘুষ আজ আমাদের জীবনের অংশ। ঘুষ ছাড়া আমাদের কোনও কাজ সম্পাদন হয় না। অফিসের কোনও ফাইল চলে না। সারা জীবন জেনে এসেছি যিনি ঘুষ নেন তাকে সবাই ঘৃণা করে। ঘুষখোর কর্মকর্তাকে কেউ ভালো চোখে দেখে না। বাহ্যিকভাবে চেনার জন্য একটা লক্ষ্মণ হচ্ছে, কারও পেট মোটা দেখলে সবাই ধরে নিতেন উনি ঘুষখোর কর্মকর্তা। সামাজিকভাবে ঘুষখোর ব্যক্তি বা কর্মকর্তাকে মানুষ সম্মানের সাথে দেখে না। যার মনে যাই চিন্তা আসুক ঘুষ প্রদান না করে কারও শেষ রক্ষা হয় না। ইচ্ছা করে খুশি মনে কেউ ঘুষ প্রদান করে না। মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও কাজ বা স্বার্থ উদ্ধার করতে ঘুষ দিতেই হয়। ঘুষের অপরাধ কমানোর জন্য সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন কয়েকবার বৃদ্ধি করে কোনো সুফল অর্জন হয়নি। যে কপাল সেই মাথা, যাহা বায়ান্ন তাহাই তিপ্পান্ন।

ঘুষ গ্রহীতাদের কাছে ঘুষ দাতারা অসহায়। ঘুষ গ্রহীতা যে কাজের জন্য ঘুষ নেন বা চান বা দাবী করেন, সেটা অন্যায় অযুক্তিক অবৈধ। কিন্তু কে শুনে এসব নীতিবাক্য? যেহেতু কর্মকর্তা এই কাজের জন্য সেবা দানের জন্য বেতন গ্রহণ করেন। অথচ তিনি ঘুষ নিতে চান। ঘুষ না দিলে কাজ আটকে দেন। যে কারণে আমাদের সমাজে ঘুষ খাওয়া বা গ্রহণ করাকে অপরাধমূলক কাজ হিসেবে চিহ্নিত করা হয়। এটা আইনত একটি শাস্তিযোগ্য অপরাধ ধরা হয়। ধর্মীয় আইনেও ঘুষ গ্রহণ করা এবং ঘুষ দেয়া অপরাধ বলে গণ্য করা হয়। কেউ কাজ বা সেবার বিনিময়ে ঘুষ না নিলে বা না চাইলে ঘুষ দেওয়ার বিষয়টা আসেই না। এখানে অপরাধের ভিত্তিটা ঘুষ গ্রহীতা থেকে জন্ম নেয়। কিন্তু আমরা বলছি ঘুষ দাতা ও গ্রহীতা দুইজন সমান অপরাধী!

দণ্ডবিধির ১৬১ ধারা অনুসারে- কোনো সরকারী কর্মকর্তা-কর্মচারী কর্তৃক কোনো সরকারী কাজ
বৈধ পারিশ্রমিক ছাড়া অন্যকোন রকম
বখশিস নিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ।
বখশিস গ্রহণ বা গ্রহণে সম্মত বা গ্রহণের
চেষ্টা করলে সেই কর্মকর্তা-কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবেন। যার মেয়াদ
তিন বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় প্রকার দণ্ড হতে পারে। নিজে না করে অন্য কাউকে দিয়ে কোনো কাজ
করে দেওয়ার জন্য বখশিস গ্রহণও এই
ধারা অনুসারে ঘুষের মধ্যে পড়ে। ঘুষ
চাওয়া যেমন অপরাধ, তেমনি ঘুষ
না দিলে বিপদ হবে এ ধরণের ধমক
দেওয়াও ঘুষ নেওয়ার শামিল। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর দ্বিতীয় তফসিল অনুযায়ী দন্ডবিধিতে উল্লেখিত অপরাধসমূহের মধ্যে যেসব অপরাধ জামিনযোগ্য তাদের মধ্যে ঘুষ গ্রহণ অন্যতম। সেই তালিকায় ঘুষ দাতার নাম নেই।

সম্প্রতি দায়িত্বশীল মহল থেকে বলা হচ্ছে- কেবল ঘুষ গ্রহীতা নয় ঘুষ দাতাও সমান অপরাধী। যদি এভাবে ভিকটিম অপরাধী হয়, তাহলে সমাজে অপরাধের মাত্রা দ্বিগুণ উৎসাহে বাড়বে। কারণ ঘুষ দাতা একান্তই বাধ্য হয়ে ঘুষ দেয়, আর ঘুষ গ্রহীতা সরকার এবং জনগনের প্রতি অবাধ্য হয়েই ঘুষ গ্রহণ করে। দুটি ব্যাপার সম্পুর্ন ভিন্ন। একজন তার দায়িত্ব কর্তব্য করবেন না, উল্টো কাজ করে দিতে হলে ঘুষ দাবী করবেন। তার অপরাধের সাথে বাধ্য ব্যক্তিকে অপরাধী বানানো এ কেমন চিন্তা বা বিচার? এ যে দেখছি ছোট বেলায় পড়া সেই গল্প, যেখানে পানির দাম আর দুধের দাম ঘী মাখন সোনার দাম রূপার দাম সব এক টাকা। তাহলে ধর্ষক আর ধর্ষিতা সমান? মরা গরুর মাংস বিক্রেতা আর ক্রেতা সমান অপরাধী?
ঘুষ না দিলে কাজ হবে না এটা মানলাম। ঠিক আছে, ঘুষ দেওয়া অন্যায় তাই ঘুষ দেবো না কাজও করাবো না। কিন্তু ঘুষ না দিলে নির্মমতার শিকার হতে হবে কেনো? আবার ঘুষ দিলেও অপরাধী হতে হবে। তাহলে মানুষ করবেটা কী? সব দোষ ঘুষ দাতার। বাঁচতে হলে তাকে ঘুষ দিতে হবে। আবার ঘুষ দিয়ে অপরাধের বোঝা মাথায় নিয়ে শাস্তি পেতে হবে। কী সুন্দর ব্যবস্থা! একেই বলে, যত দোষ নন্দঘোষ। নজরুল তার কবিতায় প্রিয়াকে দায়ী করে বলে-
তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি।
আমার এ রূপ-সে যে তোমার ভালোবাসার ছবি।।
তারমানে তুমি আমায় ঘুষ দাও তাই আমি ঘুষখোর? নাকি তুমি কর্তা ঘুষ চাও তাই আমি তোমায় ঘুষ দিই? কেউ কেউ বলেন, ঘুষ নেওয়া আর ভিক্ষা করা সমান কাজ। যে যাই বলবে বলুক, ঘুষ খাইতে লজ্জা-শরম ত্যাগ করেই খাইতে হয়। এক কর্মকর্তা নামাজের জন্য অজু করে আসলেন। এমন সময় তার এক খদ্দের এলো। বললেন, একটু বসেন নামাজটা পড়ে নিই। খদ্দের বললেন- হাতে বসার মতো সময় নেই, টাকাটা নেন। কর্মকর্তা বললেন-আসতাগফিরুল্লাহ, আমি অজু অবস্থায় আছি ঘুষের টাকা কীভাবে হাতে নিই! আপনি এক কাজ করেন আমার পকেটে ঢুকিয়ে দেন, আশাকরি গুনাহ্ হবে না।

লেখকঃ কলামিস্ট ও আবৃত্তিকার।
arzufeni86@gmail.com

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET