দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের একই মঞ্চে দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দলগুলোর মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে স্থানীয়ভাবে এই সহাবস্থান উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা একই মঞ্চে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, সদ্য সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, এনসিপির ভারপ্রাপ্ত জেলা সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ, সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মাওলানা নবীউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আলোচনা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সচেতন নাগরিক বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত, এনসিপি ও তাদের ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটলেও ফুলবাড়ীর এই আয়োজন ছিল ভিন্ন চিত্রের। তাঁদের মতে, জুলাই আন্দোলনের সময়ের মতো মতভেদ ভুলে একসঙ্গে অংশগ্রহণের এই পরিবেশ স্থানীয়ভাবে ইতিবাচক বার্তা দিয়েছে। দেশের স্থিতিশীলতা ও রাজনৈতিক সহাবস্থান জোরদারে জুলাইয়ের ঐক্যের চেতনাকে ধারণ করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।









