ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০ টার দিকে মৎস্য পক্ষ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয় এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। এরপর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজউল হক এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।
ফজলে হুদা বাবুল আরও বলেন, সরকারি খাস পুকুরগুলো প্রভাবশালীরা লিজ নিয়ে চাষ করায় হারিয়ে যাচ্ছে প্রকৃত মৎসজীবীরা। তাদের এই পেশা টিকিয়ে রাখতে আগামী বছর থেকে প্রকৃত মৎসজীবীদের হাতে সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়া হবে। দেশীয় মাছ বাঁচাতে কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন পর্যায়ে মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের অবদান তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ পালন করবে উপজেলা মৎস্য দপ্তর।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষি বিদ সাবাব ফারহান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসানসহ উপজেলার মৎস্য চাষি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:









