২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবীতে প্রতিবাদ সভা করেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ। উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহ খোরশেদ আলমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি ছালেহা আক্তার পলি, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন নাহার, উপজেলা আ’লীগ সদস্য আবুল হোসেন ভূঁইয়া, মক্রবপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, রায়কোট উত্তর সভাপতি মাস্টার রেজাউল হক, জোড্ডা পূর্ব ইউনিয়ন সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া, আদ্রা উত্তর সাধারণ সম্পাদক মাস্টার মোশারফ হোসেন, সাতবাড়ীয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন সহসভাপতি ইলিয়াস পালোয়ান, সাধারণ সম্পাদক আলাউদ্দীন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সদস্য সচিব ইলিয়াস শাহীন, শ্রমিকলীগ সহসভাপতি আলী নোয়াব, জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী হায়দার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেণেড হামলা হয়েছিল। ওই হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হয়েছিলেন ২৪ জন নেতাকর্মী। বিএনপি-জামায়াতের এই সন্ত্রাসবাদের কারণে তাদেরকে এ দেশের মানুষ চিরতরে প্রত্যাখান করেছে। তবে এখনো তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।









