ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা তানিয়া করোনা মুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ac land chhagalnaiya নামক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস পোস্ট করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে এসি ল্যান্ড নাহিদা আক্তার তানিয়া জীবনের মায়া ত্যাগ করে নিজের প্রতি অর্পিত দায়িত্ব শতভাগ পালন করেছেন। করোনা সচেতনায় প্রতিদিন উপজেলার কোন না কোন স্থানে ছুঁটি গিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব প্রাপ্ত ছাগলনাইয়া উপজেলার জনগণকে আপনজন ভেবে আপনজনদের নিরাপত্তায় নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতে গিয়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এমন দায়িত্বশীল মানুষটি করোনা আক্রান্ত হওয়ার সংবাদে ছাগলনাইয়াবাসীও গভীর দুঃখ প্রকাশ করার পাশাপাশি তার জন্য মহান রবের নিকট তার রোগমুক্তি কামনা করে দোয়া করেন। মহামারী করোনা থেকে মুক্ত হয়েই তিনি পরিবারের সদস্যবৃন্দ, স্বজন, দেশের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনীক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দায়িত্ব প্রাপ্ত উপজেলার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার স্ট্যাটাসটি নিম্নে তুলে ধরা হলোঃ-
আলহামদুলিল্লাহ গত ৩০ জুন ২০২০ তারিখ পাওয়া ২য় ফলোআপ নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা বাবা,স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, এবং সকলের দোয়ায় আমি এখন করোনামুক্ত। বিশেষ কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ফেনী -১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শিরিন আক্তার মহোদয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্যার, চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার স্যার, শ্রদ্ধেয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)স্যার, যুগ্মসচিব জনাব সায়লা ফারজানা স্যার, ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মো. ওয়াহিদুজ্জামান স্যার এবং শ্রদ্ধেয় ভাবী, অতিরিক্ত জেলা প্রশাসক স্যারবৃন্দ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের একান্ত সচিব জনাব মো. আবদুল্লাহ আল মাহমুদ স্যারসহ শ্রদ্ধেয় সিনিয়র স্যারগণ, ইউএইচএফপিও মহোদয়সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থকর্মীবৃন্দ, প্রিয় ব্যাচমেটবৃন্দ , অন্যান্য সহকর্মীগণ,ছাগলনাইয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মেয়র, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ছাগলনাইয়া উপজেলার সাংবাদিকবৃন্দ, উপজেলা ভূমি অফিস ও এর অধীনস্থ ইউনিয়ন ভূমি অফিসসমূহের প্রিয় সহকর্মীবৃন্দ ও সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীসহ যারা আমার এবং আমার পরিবারের দুঃসময়ে পাশে থেকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেছেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ও ব্যক্তিগতভাবে আমার সুস্থতার জন্য দোয়া করেছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এখন মোটামুটি সুস্থ আছি।
আমার শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের ভাষা আমার জানা নেই। ছাগলনাইয়ায় আসার পর থেকে স্যার আমাকে বড় বোনের মতো আগলে রেখেছেন। করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই এবং পরেও আমার নিজের থেকেও আমার জন্য বেশি চিন্তা করেছেন এবং করোনা থেকে আমাকে রক্ষা করার চেষ্টা করেছেন। স্যার এবং স্যারের পরিবারের জন্য নিরন্তর ভালোবাসা এবং দোয়া।
আর সবশেষে যার কথা বললেই নয় সে হচ্ছে মেহেরের বাবা। বাবা মায়ের পর সেই সব থেকে বেশি আগলে রেখেছে আমাকে। করোনা রোগীর আশেপাশে সহজে কেউ যেতে চায়না। কিন্তু সে নিজের জন্য কোন ভয় না করেই ইনজেকশন দেওয়া থেকে সকল ধরনের সেবা দিয়ে আমাকে সুস্থ করে তোলার চেষ্টায় ছিল সর্বক্ষণ।
সবার কথা বলেও ইচ্ছা করলেও একজনের কথা লিখতে পারছিনা আমি। সে হচ্ছে আমার ২ বছর ৩ মাস বয়সের সন্তান ‘মেহের’। আমার আইসোলেটেড জীবনের সবচেয়ে বড় শক্তি এবং একই সাথে সবচেয়ে বড় দুর্বলতা ছিল সে। তার জন্যই আমি মনোবল শক্ত রেখেছি এবং তার জন্যই বারবার ভেঙ্গে পড়েছি। মাশাল্লাহ, অসাধারণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে সে এতটা সময় তার মায়ের কাছ থেকে দূরে থেকে। আল্লাহ তাকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ এবং নেক হায়াত দিক।
এই জীবনে এতো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে আমি অভিভূত। ছাগলনাইয়ার মানুষের জন্য শুধুই ভালোবাসা তারা যেভাবে এই সময়ে দেশ বিদেশ থেকে ফোনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার খোঁজখবর নিয়েছে এবং আমার মনোবল ধরে রাখার জন্য সহযোগিতা করেছে। আল্লাহ সব মানুষকে তার প্রিয়জনের কাছে সুস্থতার সাথে রাখুক এই দোয়া করি। আর আমরা যেন সবাই সঠিকভাবে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলি। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন।








