গাজীপুরের শ্রীপুরে শালবন থেকে নিখোঁজের ছয়দিন পর অর্ধগলিত অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার মুখে স্কচটেপ ও হাত-পা রশিতে বাঁধা ছিল। রোববার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গজারি বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিখোঁজ মোঃ শামীম হোসেন (৩১) একই ইউনিয়নের বারতোপা গ্রামের ছামান মিয়ার ছেলে। সে গত ২০ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। শামীম অটোরিক্সা চালিয়ে সংসার চালাতো। শামীমের পরিবারে স্ত্রী, সোনিয়া আক্তার নামে ১০বছর বয়সী একটি মেয়ে ও ইমরান হোসেন নামের ৮বছর বয়সী এক ছেলে রয়েছে।
শামীমের বড় ভাই আমিনুল ইসলাম জানান, গত সোমবার (২০ ডিসেম্বর) সকালে শামীম অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়। পরে সন্ধ্যায় সে বাড়ী ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করেও আর সন্ধান মেলেনি। এবিষয়ে নিখোঁজের পরদিন শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল। রোববার দুপুরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দুরে মাওনা-কলিয়াকৈর সড়কের হাসিখালি ব্রিজ সংলগ্ন সিমলাপাড়া বিটের সংরক্ষিত গভীর গজারী বনের ভেতর লাকড়ি কুড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মফিজুর রহমান মল্লিক বলেন, নিহতের হাত পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় ছিল। মরদেহে পচন ধরেছে। আমরা আশপাশে কোথাও তার অটোরিক্সাটি পাইনি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us:









