কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ৫ম শ্রেণীর এক ছাত্রী।
জানাগেছে, শুক্রবার দুপুরে উপজেলার নতুন মূলগ্রামের তপন চট্টোপাধ্যায়ের ৫ম শ্রেণীতে পড়–য়া মেয়ে বৈশাখী চট্টোপাধ্যায় (১২)-এর সাথে মণিরামপুর উপজেলার জুড়ানপুর গ্রামের পল্লী বিদ্যুতের চাকুরিজীবি এক যুবরের বিবাহের পাকাকথা চলছিল।
বাল্যবিবাহের প্রস্তুতির খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান শুক্রবার দুপুরে উপজেলার নতুন মূলগ্রামের তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে থানার এস আই তাপস ও সঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হলে ছেলে পক্ষ চম্পট দেয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ১৮ বছর বয়স পূর্ণ না হলে মেয়ের বিবাহ দিবেন না এই শর্তে তপন চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুচিত্রা চট্টোপাধ্যায়ের নিকট থেকে লিখিত গ্রহণ করেন।








