চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ- রোজা প্রায় শেষের দিকে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এরইমধ্যে জমে উঠেছে চুয়াডাঙ্গার ঈদবাজার। নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত জেলার মার্কেটগুলো।
ঈদে ক্রেতা আকৃষ্ট করতে বিপণি বিতানগুলোতে এবারও রকমারি ডিজাইনের হরেক রকমের পোশাক তুলেছেন বিক্রেতারা। নিজেদের সাধ ও সাধ্য অনুযায়ী কেনাকাটা করতে দোকানগুলোতে ভিড় করছেন সব বয়সের ক্রেতারা। সবমিলিয়ে বেচাকেনায় দারুণ ব্যস্ত সময় পার করছেন জেলার বিভিন্ন বিপনী বিতান আর মার্কেটের পোশাক ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট, প্রিন্সপ¬াজাসহ কয়েকটি মার্কেটে ঘুরে দেখা গেছে, ছেলে-মেয়েদের পোশাকের বাজার দখল করেছে হরেক রকমের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি-পিস ও দেশি-বিদেশী শাড়ি। শিশুদের পোশাকেও এসেছে নতুনত্বের ছোঁয়া।
রোজার প্রথম দিকে বেচাবিক্রিতে কিছুটা ভাটা পড়লেও এখন ঠিক তার দ্বিগুণ উদ্যমে মধ্যরাত অবধি চলছে বাহারি পোশাক, জুতার বিক্রি। তবে এবার ঈদ বাজারে ভারতীয় টিভি সিরিয়াল বা হিন্দী সিনেমার সাথে নামকরণ পোশাকের তেমন দেখা মেলেনি। সকাল ৯টা থেকে ১২টার ভিতর কেনাকাটা করে ক্লান্তি আসলেও ইফতারের পর মার্কেটগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
পোশাকের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় পোশাকের দাম কয়েক গুণ বেশি। তাই পছন্দের পোশাক কিনতে খরচ করতে হচ্ছে বাড়তি টাকা।
এদিকে, নতুন করে সকল পণ্যে ভ্যাট আরোপের অজুহাতে পোশাকের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। তারা জানালেন, সম্প্র্রতি প্রতিটি পণ্যে অতিরিক্ত ভ্যাট আরোপ করা হয়েছে। তাই পোশাকের দামও কিছুটা বেশি। প্রথম দিকে বেচাবিক্রি কম থাকলেও ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে তা বাড়ছে। ক্রেতাদের ভীড় চাঁদ রাত পর্যন্ত থাকবে বলেও আশাবাদি তারা।
এদিকে, চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-রোধে তৎপর রয়েছে পুলিশ বলে জানিয়েছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।
তবে নিজের জন্য না হলেও আপনজনদের ঈদের খুশি অক্ষুন্ন রাখতে সকলেই কেনাকাটায় ব্যস্ত ঈদ বাজারে।









