, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় গ্রামের ভিতরে ইট ভাটা বাঁচাতে অসত্য প্রতিবেদন দাখিল।




ডুমুরিয়ায় গ্রামের ভিতরে ইট ভাটা বাঁচাতে অসত্য প্রতিবেদন দাখিল।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৪, ২১:৪৪ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় গ্রামের ভিতরে অসত্য প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে কয়েক’শ ঘরবাড়ি, বিদ্যালয়, মসজিদ-মন্দির, ওখানে বসবাসকারী হাজার হাজার মানুষের অস্তিত্ব গায়েব করে দেওয়া হয়েছে। এনিয়ে এলাকাজুড়ে মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামে অবস্থিত ইটভাটা মেসার্স সেতু ব্রিকস-৪ কে কেন্দ্র করে এই কাণ্ড ঘটিয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ।
তাদের দাবি ওই ইট ভাটাটির ১ কিলোমিটারের মধ্যে প্রায় ৫শ পরিবার বাস করে। একই পরিসীমার ভিতরে চহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চহেড়া এসকে দাখিল মাদ্রাসা, চহেড়া জামে মসজিদ, চহেড়া সার্বজনীন পূজা মন্দির, দোকান ও হাজার হাজার গাছপালা থাকায় গ্রামবাসীরা কিছুদিন আগে জেলা প্রশাসক বরাবর ইট ভাটাটির লাইসেন্স বাতিলের আবেদন করেছিলেন। এ আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। তারই ধারাবাহিকতায় ডুমুরিয়ার ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মিজানুর রহমান ও রুদাঘরা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মুকুন্দ কুমার সরকার গত ১৪ই জুন একটি প্রতিবেদন দেন।
এই প্রতিবেদনে মেসার্স সেতু ব্রিকস-৪ থেকে চহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব সোয়া এক কিলোমিটার বলে জানানো হয়েছে।অথচ এই দুটি স্থাপনার মধ্যে প্রকৃত দূরত্ব মাত্র ৪৬০ মিটার। গ্রামবাসীর ভাষ্যমতে ইটভাটাকে সুরক্ষিত রাখতে এই স্থাপনাটি থেকে জনসমাগম এমন সব স্থাপনার দূরত্বে কারসাজি করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। যে কারণে চহেড়া এসকে দাখিল মাদ্রাসার দূরত্ব ৬৮০ মিটার হলেও প্রতিবেদনে তা দেড় কিলোমিটার উল্লেখ করা হয়েছে। এছাড়া শত বছরের পুরনো চহেড়া সার্বজনীন পূজা মন্দিরের দূরত্ব মাত্র ৪৩০ মিটার হলেও ১.২০ কিলোমিটার উল্লেখ করা হয়েছে। ইটভাটাটির ৬৬০থেকে ৮৩০মিটারের মধ্যে চহেড়া বাজারের প্রায় অর্ধশতাধিক দোকান থাকলেও প্রতিবেদনে ভাটাটির ১.২০ কিলোমিটার মধ্যে কোন দোকান নেই বলেও উল্লেখ করা হয়েছে।
সরজমিনে গিয়ে ওই ইট ভাটাটির এক কিলোমিটারের মধ্যে শতশত বাড়ি ও হাজারো মানুষের বসতি দেখতে পাওয়া যায়। অথচ প্রতিবেদনে বলা হয়েছে, ভাটাটির এক কিলোমিটারের মধ্যে মাত্র ৬টি পরিবারের বসবাস। তাও ইটভাটা তৈরির পর ওই পরিবার গুলো সেখানে নতুন বসতি স্থাপন করে।
এ বিষয়ে চহেড়া গ্রামের বাসিন্দা সত্তোরোর্ধ্ব অনিল মণ্ডল বলেন, এখানে আমার জন্ম। শুধু তাই নয়, আমার বাবা-ঠাকুরদা সবার জন্ম এখানে। আর এখন প্রতিবেদন অনুযায়ী আমরাই এখানে উদ্বাস্তু হয়ে গেলাম। ইট ভাটাটি লাইসেন্স বাতিলে যারা আবেদন করেছেন প্রতিবেদনে তাদের নিয়ে মিথ্যাচার করা হয়েছে।
সেখানে বলা হয়েছে আবেদনকারীদের মধ্যে সোরাফ জোয়াদ্দারকে তদন্তকালে উপস্থিত হতে অনুরোধ করা হলেও তিনি জানান (সোরাফ) অনেক দুরে অবস্থান করছেন। সে কারণে তদন্তের সময় উপস্থিত হতে পারবেন না। সোরাফ জোয়াদ্দার ছাড়া তার কোন প্রতিনিধি বা আবেদনকারী অন্য কেউই তদন্তকালে উপস্থিত হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়।
এ ব্যাপারে সোরাফ জোয়াদ্দার বলেন, আগে থেকে তাকে না জানিয়ে আসায় তিনি তদন্ত দলের সামনে উপস্থিত হতে পারেননি এ কথা ঠিক থাকলেও প্রতিবেদনে বাকি অংশে মিথ্যাচার করা হয়েছে। আমি যেতে না পারলেও আমার পক্ষে কয়েকজনকে সেখানে পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে তারা কাউকে পাননি। তাছাড়া তার বাড়ি থেকে ইটভাটাটির প্রকৃত দূরত্ব মাত্র ৯শ মিটার হলেও সেখানে দেখানো হয়েছে ২ কিলোমিটার।  এদিকে মেসার্স সেতু ব্রিকসের পরিবেশের ছাড়পত্রের মেয়াদ ৩বছর আগে গত ২০২১ সালের ৩ জুলাই শেষ হয়েছে বলে জানা গেছে। এছাড়া ইটভাটা লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮ (১) (গ) ও ৮ (৩) (ঙ) ধারা মোতাবেক ইটভাটাটির অবস্থান অগ্রহনযোগ্য বিবেচিত হওয়ায় এর যাবতীয় কার্যক্রম বন্ধপূর্বক গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের জন্য পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলার কার্যালয় ইউ ভাটাটিকে নোটিশও দিয়েছিল। নোটিশে এমনও বলা হয়, নির্দেশ পালনে ব্যর্থ হলে আপনার /আপনার ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা সহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে৷ সেই নির্দেশ অমান্য করেই মেসার্স সেতু ব্রিকস-৪ তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইউএনও কার্যালয়ের ওই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিবেদন প্রদানকারী ডুমুরিয়া উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, প্রথমে প্রতিবেদনে একটু ভুল ছিল। পরে সংশোধন করা হয়েছে। যা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে আছে। কিন্তু যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে তার কোন হদিস পাওয়া যায় নি। তাছাড়া প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে পেশ করার কথা না।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান বলেন, মোবাইলে তো সব বিষয়ে আলোচনা করা যায় না। অফিসে আসেন বিস্তারিত বলবো।
রুদাঘরা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মুকুন্দ কুমার সরকার বলেন, আমাদের প্রতিবেদনে যদি কোন ক্রুটি থাকে, তাহলে পূর্ণরায় তদন্ত দিলে আবারও আমরা তদন্ত করে প্রতিবেদন দিবো।
ইট ভাটাটির লাইসেন্স বাতিলের আন্দোলনের সাথে সংযুক্ত প্রনব কুমার মন্ডল বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে চহেড়া গ্রামে মেসার্স সেতু ব্রিকস-৪ স্থাপন করা হয়েছে। ইউএনও কার্যালয়ের অসত্য প্রতিবেদনের মাধ্যমে উক্ত অবৈধ ইট ভাটাকে বৈধ করার পাঁয়তারা করা হচ্ছে। এই অসত্য প্রতিবেদন দাখিলকারী অসাধু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমীন বলেন, প্রতিবেদনের ব্যাপারে আমি কিছু জানি না। তবে প্রতিবেদন যদি সন্তোষজনক না হয়, তাহলে পূর্ণরায় অভিযোগ করার সুযোগ আছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET