মায়ের মৃত্যুর ১২ ঘন্টাপর শোক কাটিয়ে ওঠার আগেই মারা গেলেন বড় ছেলে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টায় দিনাজপুরের ফুলবাড়ীতে এ ঘটনা ঘটে। এর আগে একইদিন সকাল ১১টায়
মায়ের মৃত্যু হয়। তার মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় একই মাঠে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের পাশাপাশি দাফন করা হয়।
মারা যাওয়া মা ছেলে হলেন, ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক সৈয়দ আবুল মাহমুদ (চাঁদ)-এর স্ত্রী সৈয়দা মাজেদা খাতুন (৭৫) এবং তাঁর বড় ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন (৫৫)।
পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারোকোনা গ্রামে নিজ বাসভবনে মারা যান সৈয়দ আবুল মাহমুদ (চাঁদ)-এর স্ত্রী সৈয়দা মাজেদা খাতুন।
মৃত্যুর পর শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়েন ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন। একইদিন রাত ১১টার দিকে তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের দাফন করা হয়।
এদিকে মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বারোকোনা এলাকাসহ ফুলবাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন,তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দগণ।
Please follow and like us:









