৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩০০০ ছাড়ালো

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ০০:৫২ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাত্র দুই মাসে বিশ্বজুড়ে ৩ হাজারের  বেশি প্রাণ কেড়ে নিয়েছে নোভেল করোনা ভাইরাস (কভিড-১৯)। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনের বাইরে এর সংক্রমণ পুরো বিশ্বকে সন্ত্রস্ত করে তুলেছে। একমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া সকল মহাদেশেই এর বিস্তার ঘটেছে। বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
চীন ভাইরাসটি আবিষ্কারের কথা জানায় গত ৩১শে ডিসেম্বর। এরপর থেকে জানুয়ারি পর্যন্ত এর বিস্তার মূলত চীন ও এর প্রতিবেশী দেশগুলোর মধ্যেই বেশি ছিল।

সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের ঘটনা সেখানেই ঘটেছে। কিন্তু বিগত এক সপ্তাহ ধরে দেশটিতে ভাইরাস সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। অন্যদিকে তা বৃদ্ধি পেয়েছে ইউরোপ ও এশিয়াজুড়ে। ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। প্রতিদিন নতুন কোনো দেশে এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি উৎপত্তির পর সোমবার প্রথমবারের মতো এতে এক নাগরিক আক্রান্তের কথা জানিয়েছে ইন্দোনেশিয়া। ভারতের দিল্লি ও কেরালায়ও আক্রান্তের খবর প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রে এতে আক্রান্ত হয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১৫০ জনে পৌঁছেছে।
দক্ষিণ কোরিয়ায় ৪৫ দিনের শিশুর মৃত্যু: চীনের বাইরে ভাইরাসটির সংক্রমণ সবচেয়ে বেশি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে সোমবার নতুন করে আরো প্রায় ৫০০ মানুষ আক্রান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২১২ জন। মারা গেছেন ২৬ জন। এদের মধ্যে ৪৫ দিনের এক শিশুও রয়েছে। শিশুটি ও তার মা শনিবার ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।
দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে ভাইরাসটির দ্রুত সংক্রমণের পেছনে একটি ধর্মীয় দলকে দায়ী করা হচ্ছে। অভিযোগ ওঠেছে, ওই গোপনীয় দলটির নেতারা যথাসময়ে ভাইরাসটির সংক্রমণ রোধে পদক্ষেপ না নিয়ে মেলামেশা চালু রেখেছে ও কর্তৃপক্ষকে সংক্রমণের আশঙ্কা সম্পর্কে অবহিত করেনি। দলটির সদস্য সংখ্যা ২ লাখের বেশি।
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মৃত্যু: যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দুইজনে পৌঁছেছে। ওই ব্যক্তি ওয়াশিংটনের বাসিন্দা ছিলেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। দুই রাজ্যে জরুরি অবস্থা জারি হয়েছে। দেশের একাধিক অংশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তাইওয়ানে সুস্থ হয়ে উঠলেন ১২ জন: তাইওয়ানে সোমবার নতুন একজন আক্রান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। এদের মধ্যে ১২ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
ইন্দোনেশিয়ায় প্রথম আক্রান্ত: কভিড-১৯ নিয়ে প্রথম রিপোর্টের পর দুই মাসের বেশি সময় পার হয়ে গেছে। এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছিল উৎপত্তিস্থল চীনেই। কিন্তু সম্প্রতি ভাইরাসটি বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে। এতদিন ধরে ভাইরাসমুক্ত থাকার পর সোমবার ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ তাদের প্রথম আক্রান্তের কথা জানিয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশটিতে ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক। সেখানে দুইজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইউরোপে অপ্রতিরোধ্য কভিড-১৯: ইউরোপে ভাইরাসটির সংক্রমণ সবচেয়ে বেশি ঘটেছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত এর প্রভাবে মারা গেছেন ৩৪ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৪৯ জন। দেশটির সরকার ভাইরাসটি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে। এ ছাড়া, জার্মানিতে একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ১৫০ জনে পৌঁছেছে। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩০ জন হয়েছে। আইসল্যান্ড, পর্তুগাল, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও ডমিনিকান রিপাবলিক প্রথম আক্রান্তের কথা জানিয়েছে। স্পেন ও ফ্রান্সের মধ্যে অবস্থিত স্বল্প পরিচিত ছোট দেশ আন্দোরাও প্রথম আক্রান্তের কথা জানিয়েছে। ফিনল্যান্ডে অন্তত ৬ জন আক্রান্ত হয়েছেন। পুরো ব্রিটেনে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ জন। ভাইরাসটি মোকাবিলা নিয়ে আলোচনা করতে স্থানীয় সময় সোমবার জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি শুরু হয়নি।
মধ্যপ্রাচ্যে করোনার আগ্রাসন, ইরানে মৃত বেড়ে ৬৬: ইরানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে পৌঁছেছে। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০০’র বেশি। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি রেজা রাইসি সোমবার একথা জানিয়েছেন। মৃতদের মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির এক উপদেষ্টাও রয়েছেন। চীনের বাইরে ভাইরাসটিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি ইরানে। দেশটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এর বিস্তার ঘটেছে। ইরাক জানিয়েছে, সোমবার তারা ইরান থেকে সফররত দুই ব্যক্তির মধ্যে ভাইরাসটি শনাক্ত করেছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। কুয়েত জানিয়েছে, সোমবার নতুন ১০ আক্রান্তের খোঁজ পেয়েছে তারা। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৬ জনে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে লেবানন, বাহরাইন, কাতারে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১০, ৪৭ ও ৩ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET