সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার রাতে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ও গোদারচালা গ্রামের ১৮ কৃষকের শীতকালীন সবজির বীজতলায় বিষ প্রয়োগে ধ্বংস করা হয়। গত কয়েকদিন ধরে পুরোদমে শীতকালীন সবজি চাষের জমি প্রস্তুতের জন্য মাঠে ব্যস্ত ছিলেন শ্রীপুরের ১৮ কৃষক। জমিতে লাগানোর চারাও তৈরি করেছিলেন তারা। বীজতলা নষ্ট করে দেয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।
টেপিরবাড়ি গ্রামের কৃষক শাহাবউদ্দিন জানান, আমাদের মূল জীবিকা এই শীতকালীন সবজি চাষ ঘিরেই। চলতি মৌসুমে এই সবজি চাষের জন্য আমরা মাঠ প্রস্তুত করেছিলাম। আমাদের এলাকার প্রতিটি বাড়িতেই ছিল বীজতলা। তবে সকালে উঠে দেখি বীজতলার চারাগুলো মাটিতে শুয়ে পড়েছে।
গোদারচালা গ্রামের শীতকালীন সবজি চাষী কুদ্দুস আলী জানান, আমাদের এলাকার সবার বাড়িতেই এক রাতেই বিষ ছিটিয়ে বীজতলা নষ্ট করে দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে সবার বীজতলা নষ্ট করে দেয়া কেমন ধরনের শত্রুতা ? একই গ্রামের কৃষক মমতাজ উদ্দিনও জানান একই কথা। তিনি বলেন, এই শীতকালীন সবজি চাষের উপর নির্ভর করে এলাকার কৃষকরা জীবিকা নির্বাহ করেন। তবে সবজি চাষের এই ভরা মৌসুমে বীজতলা নষ্ট করে দেয়ায় এখন সামনে শুধুই অন্ধকার। নতুন করে বীজতলা তৈরি করে এখন আর এই সবজি চাষ সম্ভব নয়।
শ্রীপুর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবা সুলতানা জানান, এমন ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঠ পরিদর্শন করে তালিকা করা হয়েছে। আগাছা দমনের ওষুধ প্রয়োগের মাধ্যমে ১৮ কৃষকের বীজতলা নষ্ট করে দেয়া হয়েছে। যারা প্রায় ৩০একর জমিতে শীতকালীন সবজি চাষ করতেন। তবে এমন ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।









