গাজীপুরের শ্রীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা ক্ষণিকা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলার হতদরিদ্র ও বিধবা মহিলাদের সেলাই মেশিন এবং নগদ অর্থ প্রদান করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উজ্জ্বল কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভুষণ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মোহিতুল ইসলামসহ প্রমুখ ।
উল্লেখ্য এই মহিয়সী নারী ১৯৩০ সালের (৮ আগস্ট) ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই-দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।









