মহামারীকালে গ্রামে গ্রামে করোনা টেস্ট, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ, ভ্যাকসিনসহ চিকিৎসার পর্যাপ্ত আয়োজন এবং দ্রুততম সময়ে সবার জন্য টিকা ও বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দাবীতে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে গাইবান্ধায় সিভিল সার্জন কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী)।
এরআগে গাইবান্ধায় ফোরলেন নির্মাণ কাজের অনিয়ম-দূর্ণীতি বন্ধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, গাইবান্ধায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গাইবান্ধায় গ্যাস সংযোগ নিশ্চিতসহ বিভিন্ন দাবীতে দলের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেন মিছিলকারিরা।
কেন্দ্রীয়কর্মসূূচির অংশ হিসেবে জেলা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- দলের জেলা কমিটির সদস্য প্রভাষক গোলাম সাদেক লেবু, প্রভাষক কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, রাহেলা সিদ্দিকা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় দুই বছর হচ্ছে করোনা মহামারী কিন্তু সরকার এখন পর্যন্ত গ্রামে গ্রামে করোনা টেস্ট, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ, ভ্যাকসিনসহ চিকিৎসার পর্যাপ্ত আয়োজন করতে পারেনি। ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে আশঙ্কাজনক অবস্থায়। তাই দ্রুততম সময়ে সবার জন্য টিকা ও বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান তারা।
এছাড়াও লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমিক-কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিক সহায়তা, রাষ্ট্রীয় পাটকল ও চিনিকল আধুনিকীকরণ করে চালু, ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল; জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, কৃষকদের ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।









