পঞ্চগড়ের আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৪ পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় পৌনে ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও রেলঘুমটি এলাকার মৃত পশির উদ্দীনের পুত্র পায়েলের বাড়ী থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় হালকা বাতাস থাকার কারণে মুহুর্তেই সংলগ্ন হাকিম উদ্দীন, সবরাতু, আইনুল ও আব্দুর রহিম মাস্টারের বাড়িতে আগুনের লেলিহান শিখা ছুটে গিয়ে বাড়ীর সমস্ত ঘর, ধান,চাউল, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্রসহ আসবাবপত্র অগ্নিকান্ডে ভূষ্মিভুত হয়। এছাড়াও অগ্নিকান্ডের ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে রানা, বিপ্লব, সুয়েল, সুজন, দাইমুল, খাদেমুল, মফিজ উদ্দীন, মিজানুর ও আনোয়ার পারিবারিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয়রা জানান, মৃত পশির উদ্দীনের স্ত্রী রান্নঘরে পানি গরম করার সময় অসাবধানতাবশত চুলোর আগুন খড়ের ঘরে লেগে অগ্নিকান্ডের সূত্রপাত। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। রাতেই উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানাগেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেছেন ।









