পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.মোঃ আব্দুল্লাহ জানান, রবিবার (৪ জানুয়ারি)গভীর রাতে অজ্ঞাতনামা চোর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কেচি গেটের লক ভেঙ্গে প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। মালামালের মধ্যে কম্পিউটারের মনিটর ২টি, টিভি ৫র্র্র্র্র্র্র্র্০র্ (এলইডি),রাউটার ১টি, সিপিইউ ১টি, সিসিটিভি ক্যামেরা বক্স,গাড়ির (এমভিসি) কাগজপত্র,(ফিটনেস ট্যাক্স টোকেন,ব্লু বুক), বৈদ্যুতিক তার,বৈদ্যুতিক বাল্ব ছিল অন্যতম। তিনি বলেন, অফিসে নির্ধারিত কোন নাইটগার্ড নেই। অফিস ভবনের সাথে বিদ্যুৎ সংযোগের মেইন তার চুরি করে নিয়ে যাওয়ার কারণে দিনভর বিদ্যুৎ বিহীন অফিস চালাতে হয়েছে। চুরির সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অন্যান্য স্টাফরা জানান,এমভিসি ড্রাইভার মোঃ জুয়েল রানা সকালে অফিসের বাউন্ডারী গেট খোলার পর অফিস ভবনের মেইন কেচি গেইটের কাছে এসে গেটের লক ভাঙ্গা দেখে অফিসের অন্য স্টাফদের জানান। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মতিয়ার রহমান বলেন, ইউএনও মহোদয় সহ চুরির ঘটনা পরিদর্শন করেছি। সরকারি দপ্তরে চুরির বিষয়টি আমাকে হতবাক করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করণসহ মালামাল উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, অপরাধী যতবড়ই শক্তিশালী হোক পুলিশের হাতে ধরা পড়তেই হবে।








