“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ৩০০ জন কৃষকের মাঝে ফলজ গাছের চারা, জৈব সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মধ্যেও বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় গুইমারা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে জালিয়াপাড়াস্থ সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোফায়েল আহম্মদ।
কৃষি বিভাগের তথ্যমতে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ জন কৃষকের মধ্যে মোট ১,৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে ৮০০টি বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। এছাড়া উপকারভোগীদের প্রত্যেককে ১০০ টাকা সমমূল্যের জৈব সার এবং গাছ রোপণ ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় খুঁটিও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তারা বিতরণ করা প্রতিটি চারা যথাযথভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে ফল উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Please follow and like us:









