খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের জন্য মঙ্গলকর। তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, খাগড়াছড়ির সাংবাদিকরা সমাজ ও দেশের জন্য অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে তিনি নিশ্চিত করেন, খাগড়াছড়ি ও পার্বত্য চট্টগ্রামের ভোটপ্রক্রিয়া শান্তিপূর্ণ এবং উন্নত পরিবেশে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা তাদের প্রচারণা চালাবেন, এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিতে পারবেন। শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটের জন্য পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা থাকবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের প্রথম প্রকাশনা উজ্জীবনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন,সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, সাবেক সাংসদ ও বিএনপির জেলা সভাপতি ওয়াদুদ ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা পুলিশের মো. মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা আমীর প্রফেসর আব্দুল মোমিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সাংবাদিকরা।
Please follow and like us:









