খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওয়াদুদ ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ওয়াদুদ ভূইয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৯ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালে ষষ্ঠ এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলা (সংসদীয় আসন নং-২৯৮) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এছাড়া তিনি ১৯৯১ সালের পঞ্চম এবং ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
১৯৮৯ সালে অনুষ্ঠিত খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি রেকর্ড এক লক্ষাধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তবে তৎকালীন চেয়ারম্যান সমীরণ দেওয়ানের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।
পরবর্তীতে ২০০২ সালে সরকার কর্তৃক তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। একই সঙ্গে ২০০১ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
Please follow and like us:









