গণতান্ত্রিক আন্দোলনের অবিচল প্রতীক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই শেষে তার প্রস্থানে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।
শোকবার্তায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এমন এক নেতৃত্বের নাম, যিনি প্রতিকূলতার সঙ্গে আপস করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি রক্ষা এবং নাগরিক অধিকারের সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় কণ্ঠস্বর। রাজনীতি এবং গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়েও তাঁর অবস্থান ছিল নির্ভীক ও স্পষ্ট।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, জাতি তাঁর সংগ্রাম, সাহস এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু দলীয় গণ্ডি ছাড়িয়ে পুরো দেশকে শোকাহত করেছে। এই শোক শুধু বেদনার নয়, এটি শক্তিরও। ইতিহাস সাক্ষ্য দেয়, সংকটে তিনি ছিলেন অনুপ্রেরণা, প্রস্থানে তিনি রেখে গেলেন ঐক্য ও প্রতিরোধের শিক্ষা।
আমরা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিএনপি নেতাকর্মীসহ পুরো জাতি এই শোককে ধারণ করে, শক্তিতে রূপান্তর করুক, দেশ ও জাতি কল্যাণময় ভবিষ্যতের পথে অগ্রসর হোক। আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
Please follow and like us:









