গাজীপুরের শ্রীপুরে ১৯ দিন বয়সের শিশু আল মাহদীকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে শিশুর বাবা বিজয় হাসানের রিমান্ড প্রতিবেদন দিয়েছে পুলিশ। প্রতিবেদনে হত্যার সঙ্গে বাবার জড়িত থাকার ইঙ্গিত দেয়া হয়েছে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকতার হোসেন স্বাক্ষরিত ওই প্রতিবেদনে জানা গেছে, শিশুর বাবা বিজয় হাসান ও তার মা মুন্নীর মধ্যে বিয়ের সম্পর্কটি দ্বিতীয় বিয়ে। বিজয় হাসান তার আগের স্ত্রীকে তালাকের পর তালাক দেয়া স্ত্রীর সাথে বিজয় হাসানের পরকীয়ার সম্পর্ক চলেছিল। এ নিয়ে বিজয় হাসান ও স্ত্রী মুন্নীর সাথে দাম্পত্য কলহ লেগে থাকত। মুন্নীর পক্ষ থেকে এ নিয়ে শ্রীপুর থানায় আগে থেকেই সাধারণ ডায়েরী করা ছিল। তাছাড়া অভিযুক্ত বাবা বিজয় হাসানের চরিত্র নিয়েও এলাকায় নানা অভিযোগ রয়েছে। অদালতের মাধ্যমে অভিযুক্ত বিজয় হাসানকে ৫দিনের রিমান্ডে এনে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদনটি তৈরী করা হয়।
এ বিষয়ে নিহত শিশু আল মাহদীর নানা মোফাজ্জল হোসেন বলেন, মামলাটি অধিকতর তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তপক্ষের মাধ্যমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিভাগে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ২৭ অক্টোবর রোববার ভোর ৬টার দিকে শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটী এলাকার মোফাজ্জল হোসেনের বাড়িতে ১৯দিনের শিশু আল মাহদীকে হত্যার ঘটনা ঘটে। মোফাজ্জল হোসেন শিশুটির নানা। শিশুটিকে গোসলখানায় পানিভর্তি বালতির মধ্যে কাপড় পেঁচানো মৃত অবস্থায় পাওয়া যায়। ওই বাড়িতে ঘটনার দু’দিন আগে শিশুর বাবা বেড়াতে আসে।
শিশু হত্যার ঘটনায় শিশুটির মা মুন্নী শ্রীপুর থানায় শিশুর বাবা বিজয় হাসানকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। বিজয় হাসান শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের শামসুল হকের ছেলে।









