‘প্রযুক্তি ও মমতায় কল্যাণ, সমতায় আস্থা—আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে।
৩ জানুয়ারি শনিবার সকালে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মঞ্জুরানী মারমা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী এবং সভার সভাপতি হরিপদ্ম ত্রিপুরা।
বক্তারা, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সমাজসেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ভাতা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, বর্তমানে জটিল রোগে আক্রান্ত অনেক রোগী আবেদন করার পর দীর্ঘ সময় পার হলেও চিকিৎসা ভাতা পাচ্ছেন না। এমনকি অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যুর পরও পরিবার ভাতা থেকে বঞ্চিত হচ্ছে, যা পরিবারগুলোকে চরম হতাশায় ফেলছে। পাহাড়ি এলাকার ভৌগোলিক ও বাস্তবতা বিবেচনায় নিয়ে জটিল রোগীদের জন্য দ্রুত ও বিশেষ ব্যবস্থায় চিকিৎসা ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
Please follow and like us:








