খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রকাশ্য দিবালোকে পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারিম্যানকে মালামাল ও মোটরসাইকেলসহ জিম্মি করে বিপুল পরিমাণ চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় গুইমারা বিজিবি সেক্টরের ১নং জিপি গেট সংলগ্ন এলাকায় পাঠাও কুরিয়ারের ডেলিভারিম্যান মোহাম্মদ তারেক হোসেন বরুইতলী এলাকায় পার্সেল ডেলিভারি দিতে গেলে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যরা তার গতিরোধ করে। সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ও কুরিয়ারের মালামাল জব্দ করে।
পরবর্তীতে তারা মোবাইল ফোনের মাধ্যমে পাঠাও গুইমারা শাখার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম-কে যোগাযোগ করে বাৎসরিক টোকেন বাবদ ৪০,০০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আটককৃত ব্যক্তিকে অজ্ঞাত স্থানে অপহরণ ও হত্যার হুমকিও প্রদান করা হয়।
ঘটনাস্থলে পৌঁছে ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসেন। প্রাথমিকভাবে তিনি আগামী ২৩ নভেম্বর ১৫,০০০ টাকা পরিশোধের প্রস্তাব দেন, তবে সশস্ত্র গ্রুপটি ২০২৬ সালের অগ্রিম বাৎসরিক চাঁদা হিসেবে এককালীন ৪০,০০০ টাকা দাবিতে অনড় থাকে।
দীর্ঘ আলোচনা শেষে, আগামী ২২ নভেম্বর নির্ধারিত এলাকায় ৪০,০০০ টাকা পরিশোধের শর্তে ডেলিভারিম্যান তারেক হোসেনকে মুক্তি দেওয়া হয়। তবে সন্ত্রাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, শর্ত ভঙ্গ করলে বা নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করলে তাকে পুনরায় অপহরণ করা হবে।
এ ঘটনায় গুইমারার সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন।
Please follow and like us:










