খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না।
গুইমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেন-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত সেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে শক্তি হিসেবে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









