যশোরের চৌগাছায় বজ্রপাতে খলিলুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আফরা মোড় মাঠের ধানখেতে বজ্রপাতে তারা হতাহত হন।
খলিলুর রহমান চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দা-আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে।
বজ্রপাতে আহতরা হলেন- ওই গ্রামের আতিয়ার রহমান, রোস্তম আলী, কিনু বিশ্বাস, বাবুল ও মুক্তার। তাদের মধ্যে গুরুতর আহত আতিয়ার রহমানকে টহলরত সেনা সদস্যদের গাড়িতে করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
ফুলসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে খলিলুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অনেকে আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারসহ টহলরত সেনা সদস্যদের দল ওই স্থানে গেলে গুরুতর আহত আতিয়ার রহমানকে তাদের গাড়িতে করে যশোর সিএমইচে নেওয়া হয়। আহত রোস্তমকে যশোর হাসপাতালে ও কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে নেওয়া হয়েছে। বাবুল ও মুক্তার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।









