আগামী ৩০ ডিসেম্বর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর যশপুরে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থীতা করছেন মোট ৫জন প্রার্থী। প্রার্থীদের সকলেই আওয়ামী পন্থী। ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় মাঠে নেমেছে সকল প্রার্থী। প্রার্থীরা হলেন, আহাম্মদ হোসেন জানু (আপেল), খুরশীদ আলম পাটোয়ারী (টিউবওয়েল), মামুনুল হক পাটোয়ারী (ফুটবল), রেজাউল করিম (তালা), নুরুল করিম (মোরগ)। নির্বাচনী এলাকা পরিদর্শনে দেখা যায়, প্রতীক পেয়ে সকল প্রার্থী লিফলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ছুটছেন। এছাড়াও মাইকিং, পোস্টার ও ব্যানারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন সকল প্রার্থী। এদিকে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এ আশংকা প্রকাশ করে ভোটারদের অনেকেই বলেন, বিগত সময়ে আমরা নিজেদের ভোটটি কেন্দ্রে গিয়ে প্রয়োগ করতে পারিনি। এবার যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার পরিবেশ থাকে তাহলে আমরা অবশ্যই পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবো। অন্যদিকে প্রার্থীদের সকলেই দাবী করেন যে, নির্বাচন সুষ্ঠু হলে ও জাল ভোট না পড়লে আমি বিপুল ভোটে জয় লাভ করবো। উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর ২০১৯ তারিখে ৬ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আফছার মোহন মেম্বারের মৃত্য হলে ঐ ওয়ার্ডের মেম্বার পদটি শুন্য হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মমর্তা জসিম উদ্দিন জানান, এ উপ নির্বাচনে মোট ভোটার ২৩০৮ জন। নারী ভোটার ১১৬৬ ও পুরুষ ভোটার ১১৪২ জন । নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্নের জবাবে ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মমর্তা জসিম উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য আমরা যা কিছু করার তা করবো এবং এ নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে।









