আগামী ২১ ডিসেম্বর ছাগলনাইয়া (জমদ্দার বাজার) ব্যবসায়ী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এ নির্বাচন স্থগিত করেছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। বাজার ব্যস্থাপনা কমিটি থাকা সত্ত্বে অন্য কমিটির প্রয়োজন নেই, অধিকাংশ ব্যবসায়ীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করে নিজস্ব লোকজনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে এমন অভিযোগের ভিত্তিতে জমদ্দার বাজার ব্যবসায়ীদের সাথে বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এক বৈঠকে বসেন ইউএনও সাজিয়া তাহের। প্রশাসনের অনুমিত না নেয়ার কারনেও এ নির্বাচন স্থগিত করেছেন বলে জানান ইউএনও। এসময় তিনি ব্যবসায়ীদের বলেন, ছাগলনাইয়া বাজার ব্যবস্থাপনা কমিটি, জমদ্দার বাজার ব্যবসায়ী কমিটি, ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতি, কলেজ রোড় ব্যবসায়ী কল্যাণ সমিতি ও ডাক বাংলা ব্যবসায়ী সমিতি সকলকে নিয়ে আগামী ১৭ ডিসেম্বর বৈঠকের মাধ্যমে জানানো হবে এ নির্বাচন হবে কিনা। এদিকে এ নির্বাচন স্থগিত হওয়ার খবরে ছাগলনাইয়া জমদ্দার বাজার ব্যবসায়ী কমিটির ব্যবসায়ীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে ছবি যুক্ত ভোটার তালিকা প্রণয়ন করেছি আমরা। প্রত্যেক দোকানের মালিককে ভোটার হওয়ার জন্য আবেদন ফরম দেয়া হয়েছিলো। যারা যারা নির্ধারিত সময়ের মধ্যে ফরম পুরন করে জমা দিয়েছেন তারা সবাই ভোটা হয়েছেন। এমন স্বচ্ছতা থাকা সত্ত্বেও এ কমিটি গঠনে যদি কেউ অভিযোগ করে থাকে তা দুঃখজনক বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা উপজেলা নির্বাহী অফিসার সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করলে জমদ্দার বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন করাতে কোনো জটিলতা বা আইনগত বাদা থাকবেনা।









