বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে দারুল ইসলাম একাডেমি কাজিপুর মোড় থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের মুজিব সড়ক, এসএস রোড ও ঢাকা রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। এতে ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। র্যালি চলাকালে তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” “এসো নবীন শিবির করি, ফুলের মতো জীবন গড়ি” “কে বলেরে শিবির নাই, শিবির সারা বাংলায়” এমন বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে ইসলামী ছাত্রশিবির শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অফিস সম্পাদক নাজমুল হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি ফয়সাল আহমেদ এবং পৌরসভা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল খোনা তোহা। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।









