প্রবাসে কর্মরত অবস্থায় উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে তা আত্মসাতের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের মোঃ সাইফুজ্জামান সরদার। বিষয়টি নিয়ে সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলার শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোঃ সাইফুজ্জামান সরদার জানান, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে শ্রম দিয়ে উপার্জিত প্রায় ৪১ লক্ষ টাকা দেশে পাঠিয়ে আসছিলেন। তার পাঠানো অর্থ তার নিজ বোন মোছাঃ সাবিনা ইসলামের কাছে রাখা হয়েছিল। কিন্তু দেশে ফিরে আসার পর তিনি দেখেন যে, তার কষ্টার্জিত টাকার কোনো হদিস নেই। বরং ফেরত চাইলে তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি টাকা চাইতে গেলে তাকে এবং তার স্ত্রী কে মারধর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দীর্ঘ প্রবাস জীবনের উপার্জন হঠাৎ করে আত্মসাত হওয়ায় তিনি চরম আর্থিক ও মানসিক দুরবস্থায় পড়েছেন। এ ঘটনায় তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এঘটনায় মোছাঃ সাবিনা ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Please follow and like us:









