খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমীনের প্রচেষ্টায় উপজেলা পরিষদের সামনে স্থাপিত হয়েছে দৃষ্টিনন্দন ইকোরাইমস ঝর্ণা। সদ্য নির্মিত ঝর্ণাটি দেখতে ছুটির দিন শুক্রবার ভীড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমীন জানায়, টানা দুই মাস ধরে দক্ষ ভাস্করদের হাতে রঙ ও শৈল্পিক কাজে সাজানো হয়েছে এ ঝর্ণা। পানির ফোয়ারার নিচে স্থাপন করা হয়েছে সাব-মেটাল মোটর, যা ঝর্ণার পানিকে উপরে তুলে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করছে। এই দৃশ্য এখন ডুমুরিয়া উপজেলা পরিষদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। ঝর্ণা নির্মাণে আনুমানিক ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ মানুষের মনোরঞ্জনের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যবোধ বাড়াতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, পৃথিবীজুড়ে ফোয়ারা বা ঝর্ণা নগর নান্দনিকতার অংশ হলেও বাংলাদেশে এখনও এটি সীমিত আকারে ব্যবহৃত হয়। সাধারণত ধনী পরিবারের বাড়ি, উন্নতমানের শপিং সেন্টার, বাণিজ্যিক ভবন কিংবা সরকারি স্থাপনায় ফোয়ারা দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে ছোট ছোট ঝর্ণা ঘরোয়া সাজসজ্জার অংশ হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
Please follow and like us:









