সিরাজগঞ্জের তাড়াশে পৌষের শুরুতে কুয়াশা আর ঠান্ডার পরিমাণ কম থাকলেও মাঘের শুরু থেকে প্রচন্ড ঠান্ডা ও কুয়াশার কারণে বাধ্য হয়ে বোরো ধানের বীজতলা সুরক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রেখে বাঁচানোর চেষ্টা করছেন কৃষকরা। যে সব জমিতে সরিষার আবাদ করা হযনি সে সব ফসলি জমিতে পুরো দমে চলছে বোরো ধানের আবাদের প্রস্তুতি। এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার বিস্তৃর্ণ পতিত ফসলী মাঠের কৃষকেরা এখন জমি তৈরি, বীজতলা পরিচর্যা ও চারা বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন। বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে প্রচন্ড ঠান্ডা ও কুয়াশার কারণে অনেক মাঠের বীজতলা বিবর্ণ হয়ে যাচ্ছে, যা কৃষকের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন প্রাকৃতিক দুর্যোগের কারণে বীজতলার চারা বাঁচাতে তারা নানা উপায় বের করছেন। কেউ বীজতলা ঘন কুয়াশা ও প্রচন্ড ঠান্ডা থেকে রক্ষা করতে চারা ধানের উপর দিয়ে পলিথিন বিছিয়ে দিয়েছেন। কেউবা বীজতলায় ছাই ছিটিয়ে তা রক্ষার চেষ্টা করছেন। আবার কেউ বীজতলায় পানি দিয়ে ডুবু ডুবু করে রাখছেন।
তাড়াশ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার ১ হাজার ২০৫ হেক্টর জমিতে বোরোর বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা দিয়ে ২২ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো আবাদ করা সম্ভব হতো। কিন্তু টানা শীত আর ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কায় উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে ঠান্ডা থেকে বীজতলার চারা রক্ষা করতে পলিথিন ব্যবহার করছেন কৃষকরা। মাগুরা বিনোদ গ্রামের কৃষক সোলেমান হোসেন জানান, বিকেলের পর থেকে কুয়াশা পড়া শুরু হয়। আর রাতে ঘন কুয়াশায় ঢেকে যায় বীজতলা। এতে চারার ক্ষতি হতে পারে। তাই সারারাত পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখি। আবার সন্ধ্যায় বীজতলায় পানি দিয়ে রাখতে হয় সকাল হলে সেই পানি বীজতলা থেকে বের করে দিতে হয়। এভাবে ১০ থেকে ১২ দিন করতে হয়। চারা একটু বড় হলে তখন আর এরকম করতে হবে না।
বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, ধানের বীজতলার অর্ধেকই শীত ও কুয়াশার কারণে মরে যাচ্ছে। কৃষকরা বীজতলা রক্ষায় ব্যাভিস্টিন, স্কোর, ডুডু, থিওভিটসহ বিভিন্ন ছত্রাকনাশক প্রয়োগ করছেন। যে কারণে বীজতলার চারা কিছুটা হলেও রক্ষা পাওয়া যাচ্ছে। তাড়াশ পৌর শহরের কোহিত গ্রামের কৃষক মোঃ জাহিদ হোসেন জানান, শীত বাড়ার আগেই বীজতলায় বীজ বপন করলে ধানের অধিক চারা গজায়। শীতের প্রকোপ বেশি হওয়ায় এ পদ্ধতি অনুসরণ না করলে বীজতলার চারা হলুদ কিংবা সাদা বর্ণ হয়ে যায়। আর কয়েকদিন পর তা নষ্টও হয়ে যায়। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, জমি কাদা না করে শুকনা বীজতলা তৈরি করে বীজ বপন করে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছি। আবার অনেকে শীত ও কুয়াশা থেকে বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। এটা আধুনিক প্রযুক্তি। এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম।
Please follow and like us:









