দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি এ দুই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি সাংবাদিকদের সমাজের চোখ উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি সাংবাদিকদের নির্বিঘ্নে কলম চালানোর আহ্বান জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্যারিস্টার কামরুজ্জামান জামান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি করেছে, তারা দলের কেউ নয়, তারা দুর্বৃত্ত। ভবিষ্যতে কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে পারবে না।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই ৩১ দফা বাস্তবায়নে সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও মাদিলাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সহসভাপতি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, যুগ্ম সম্পাদক মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাংবাদিক ইউনিটির সভাপতি হারুন উর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, সাংবাদিক আলামিন, আজগর আলী, ইমাম রেজাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এ ছাড়া বিকেলে একই স্থানে তিনি শিক্ষক সমাজের সঙ্গেও পৃথক মতবিনিময় সভা করেন।








