ধানের শীষ প্রতীকের আমানত রক্ষা করা মিরপুর গ্রামের মানুষের দায়িত্ব এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জ পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মিরপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি যেমন এই সমাজের সন্তান, আমি যেমন আপনাদের আমানত। ধানের শীষও আপনাদের আমানত। আমি এখানে ভোট চাইতে আসিনি, আপনারাই আমাকে আমানত হিসেবে ধানের শীষ উপহার দেবেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তিকে কাজে লাগিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। কেউ যদি আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, তাহলে ভাত খাওয়ারও সময় পাবে না যেমন শেখ হাসিনার সঙ্গে হয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি আপসহীন বলেও মন্তব্য করেন তিনি।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লাবন শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলবার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মুন্সির জাহিদ আলম, প্রফেসর আব্দুস সামাদ, সেলিম শেখ,মোছাঃ এলেমা বেগম, মোহাম্মদ রুবেল, মো. জুয়েল রানা, মো. স্বপন শেখ, মো. কাজল ও মো. মেজাজুল ইসলাম।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি, আবুল হোসেন তাপস, সাধারণ সম্পাদক স. ম . আলাউদ্দিন আলা, এসময় গ্রাম পঞ্চায়েত কমিটির সদস্য হাফিজুল ইসলাম খান, কোরবান আলী মুন্সি, আব্দুল কুদ্দুস, আকরাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ঐক্যই পারে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।









