“নারী নেতৃত্ব হারাম” বলে মন্তব্য করেছেন ২০২১ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদারের পক্ষে নির্বাচনী সভায় নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তাঁর বক্তব্যের ৪১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সহধর্মিনী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী বেগম হাবিবুন নাহার ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী ইজারাদারের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনী এলাকায় দু প্রার্থী দিনরাত প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান ওই ইউনিয়নের মুসল্লিপাড়ায় ঈগল প্রতীকের নির্বাচনী সভায় বলেন “আমরা গজবের ভেতরে নিমজ্জিত আছি। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জনমনে কোনো স্বস্তি নেই, শান্তি নেই; তার কারণ, নারী নেতৃত্ব হারাম। বেগম হাবিবুন নাহারকে দুইবার (ভোট) দিয়ে আমরা নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করছি। তাই আমাদের এখানে কোনো সুখ-শান্তি অবস্থান করে না। যেটা সত্য – সে কথা আমি আপনাদের কাছে বলে গেলাম। উনি একজন নারী, উনি রাজনীতি আর সমাজনীতির বোঝেন কি? কিছুই বোঝেন না।
তার এই বক্তব্যের বিষয়ে জানতে ইকরাম ইজারাদারের সাথে কথা হলে তিনি বলেন, জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণ না করা প্রসঙ্গে একটি উদাহরণ দিতে গিয়ে আমি একথা বলেছি। আওয়ামী লীগ বা নৌকা প্রতীককে উদ্দেশ্য করে নয়। নৌকার প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তাঁর বরাদ্দ থেকে বিভিন্ন সময়ে আমাদের বঞ্চিত করেছেন। সে কারণে আমি স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের সমর্থক হিসেবে কাজ করছি।
এ ঘটনার বিষয়ে মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস জানান, বক্তব্যটি শোনার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Please follow and like us:









